পরীক্ষা শেষে অফিস কক্ষে ওএমআর শিট পূরণ করায় দুই শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৮:৫৮ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় এইচএসসি পরীক্ষা শেষে অফিসকক্ষে ওএমআর শিট পূরণ করার অভিযোগে দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মো. জয়নাল আবেদীন খোকা ও গণিত বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে ওই দুই শিক্ষক অফিসকক্ষে বসে শিক্ষার্থীদের ওএমআর খাতার বৃত্ত ভরাট করে দেন। বিষয়টি জানার পর বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কলেজে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে দেখা যায়, সেদিন ১২টা ৫০ মিনিটের পর থেকে অফিসকক্ষে বসে ওএমআর শিট পূরণ করে দিচ্ছেন ওই দুই শিক্ষক। তারা নিজেরাও দোষ স্বীকার করেছেন। পরে তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এ ঘটনায় ওই শিক্ষকদের গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্তদের ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার পাশাপাশি বিভাগীয় মামলা দায়ের করার পর তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

তারাকান্দা ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হোছেন আলী চৌধুরী বলেন, ‘পরীক্ষার্থীর ওএমআর বৃত্ত ভরাট করার অভিযোগে দুই শিক্ষককে কলেজের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাবলিক পরীক্ষার অপরাধ আইন অনুসারে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার পর কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, ‘দুই শিক্ষককে থানা হেফাজতে রাখা হয়েছে। বিভাগীয় মামলার অভিযোগের পর তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত