মুন্সীগঞ্জে নাহিদ ইসলাম

সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৩:৪৪ পিএম

সামনে আরেকটি লড়াই আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা জানি সামনে আমাদের আরেকটি লড়াই আসছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমাদের অনেক ফ্রন্টে লড়াই করতে হবে।’

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুজিববাদ ও ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত থামব না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আজ ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। গোপালগঞ্জে যে হামলা হয়েছে, দেশের আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না।’

আসন্ন লড়াইয়ের জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ-মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছি, এর শেষ না করে আমরা থামব না।’

মুন্সীগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের নদীভাঙন-নদীদূষণ থেকে রক্ষা করব। মুন্সীগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকেন। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি। অনেকেই বলছে প্রবাসীদের কোনো অবদান নাই।’

মুন্সীগঞ্জবাসী ও এ জনপদের প্রবাসীদের সচেতন ও সরব থাকার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘প্রবাসীরা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব।’

মুন্সীগঞ্জ মহৎ ও প্রতিবাদী মানুষদের জন্ম দেয় উল্লেখ করে এনসিপির এ নেতা বলেন, ‘ইদ্রাকপুর ও বিক্রমপুরের গৌরবময় ইতিহাস ধারণ করে আমরা এই জেলা এগিয়ে নিতে চাই। কিন্তু বর্তমানে মুন্সীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান। পদ্মা-মেঘনার দাপটে নদীভাঙন অব্যাহত। এসব সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মুন্সীগঞ্জ মাথা উঁচু করে দাঁড়াতে চায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত