বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলো জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ইউএনএইচসিআর) মিশন। শুক্রবার (১৮ জুলাই) বিকালে এ সংক্রান্ত ৩ বছরের সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ-ইউএনএইচসিআর।
এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশে ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়’-এর মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ এখন সেই ১৬টি দেশের তালিকায় যুক্ত হলো, যেখানে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল পূর্ণাঙ্গ ম্যান্ডেট নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন ও সিরিয়ার মতো দেশগুলিতে ইতোমধ্যে এ ধরনের অফিস রয়েছে।
জাতিসংঘ মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এসব অফিসের মূল লক্ষ্য হলো সংশ্লিষ্ট দেশের মানবাধিকার পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও উন্নয়ন করা। এছাড়া মানবাধিকার সুরক্ষায় সরকার, নাগরিক সমাজ ও বিভিন্ন স্তরের অংশীজনদের সঙ্গে নিয়মিত আলোচনা করা ও এর আলোকে কারিগরি সহায়তা প্রদান করা।
