মুন্সীগঞ্জের গজারিয়ায় সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া ও ককটেল বিস্ফোরণে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি বাজারে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাঘাইকান্দি গ্রামের আলামিন মাস্টার (৪২), আব্দুল বাসেদ (৪৫) ও কবির (৫৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, শুটার মান্নান-হৃদয় বাঘ সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। গত বুধবার ষোলআনী বালুমহালে চাঁদা চাইতে গিয়ে জনতার হাতে আটক হয় ৩ চাঁদাবাজ। এ ঘটনায় হোগলাকান্দি গ্রামের হাবুল বাঘের ছেলে হৃদয় বাঘকে এক নম্বর আসামি করে গজারিয়া থানায় একটি মামলা করে বালুমহালের ক্যাশিয়ার জান্নাত হোসেন।
এ ঘটনার পর হৃদয় বাঘ একদিন আত্মগোপনে থাকলেও বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে এলাকায় ফিরে আসেন। এসময় শুটার মান্নানসহ তার সমর্থকদের নিয়ে মহড়া দেয় তিনি। এ ঘটনার কিছুক্ষণ পর ৬/৭টি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পায় স্থানীয়রা।
এদিকে শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বাঘাইকান্দি বাজারে যায় শুটার মান্নান, হৃদয় বাঘ, সোহেলসহ আরও কয়েকজন। কিছু সময় পর তাদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির একপর্যায়ে এলোপাথারি গুলিতে আহত হয় তিনজন। ধারণা করা হচ্ছে, তাদের শটগানের গুলি লেগেছে।
বিষয়টি সম্পর্কে ইমামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি আমজাদ হোসেন বলেন, এরকম একটি খবর আমিও শুনেছি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ৪/৫ জন আহত হয়েছে তাদের মধ্যে তিনজনের নাম পেয়েছি। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা বলতে পারব না।
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, এরকম একটি খবর আমরাও পেয়েছি। খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম, দুইজনের গায়ে শটগানের গুলি জাতীয় কিছুর আঘাত রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
