বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট সরকার ১৬ বছর এই দেশের মানুষের ওপর অন্যায়, নিপীড়ন, হত্যা, গুম এমন কোনো হীন কাজ নেই যা করেনি। গণতন্ত্রের লেবাসে ভয়ঙ্কর বর্বর স্বৈরশাসক ছিল, যে শাসক ফেরাউনকেও হার মানিয়েছে।
শুক্রবার দুপুরে জুলাই আন্দোলনে জেলার প্রথম শহীদ তাহমিদের স্কুল নাছিমা কাদির মোল্লা হাই স্কুলে এক স্মরণ সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেকে মামলা খেয়েছে, গুম হয়েছে মারা গিয়েছে। সর্বশেষ বৈষম্যবিরোধী আন্দোলনে তারা নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। তাদের অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করেছে ছাত্রজনতা। নরসিংদীতে তাহমিদের মত সাহসী সন্তানরা জীবন দিয়েছে। তার স্মরণে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে তাহমিদ চত্ত্বর করা হবে।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পাশে রয়েছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা শহীদ ও আহতদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শহিদদের আমরা চিরদিন স্মরণীয় করে রাখবো। তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।
নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস (এনকেএম) এর সভাপতি আব্দুল কাদির মোল্লা বলেন, আমাদের স্নেহের ছাত্র জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদের নামে এনকেএম স্কুলে একটি ১০তলা ভবনের নামকরণ করা হবে এবং এই ভবনটি শহীদ তাহমিদের নামে উৎসর্গ করা হবে। ইতোমধ্যে স্কুল প্রাঙ্গণে শহীদ মিনারের পাশে তাহমিদের নামে একটি স্মৃতিফলক করা হয়েছে। এই এনকেএম স্কুল যতদিন থাকবে তাহমিদের স্মৃতি ততদিন থাকবে, যা দেখে পরবর্তী প্রজন্ম শহীদ তাহমিদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এসময় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস্ (এনকেএম) এর সভাপতি আব্দুল কাদির মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, গোলাম কবির কামাল, শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম, বিএনপি নেতা আউলাদ হোসেন, আব্দুর রউফ ফকির রনি, সুমন চৌধুরীসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকালে নরসিংদীর চিনিশপুরে শহীদ তাহমিদের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন ও তার রুহের শান্তি কামনা করে দোয়া করে জেলা বিএনপি। শহীদ তাহমিদ জুলাই আন্দোলনে অংশ নিয়ে গত বছরের ১৮ জুলাই ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে পুলিশের গুলিতে জেলায় প্রথম শহীদ হন। সে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
