অন্তর্বর্তী সরকার তিনটি গুরুত্বপূর্ণ মিশনে রাষ্ট্রদূত পরিবর্তন করতে যাচ্ছে। এগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ড মিশন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। অন্যদিকে, কানাডায় নিযুক্ত রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে জেনেভায় বদলি করা হয়েছে। এখনও তারা তাদের কর্মস্থলে যোগ দেননি। আর সাবেক পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে কানাডার হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের কাছ থেকে এগ্রিমো (সম্মতিপত্র) এসে গেছে। জসীম উদ্দিনের এগ্রিমোও শিগগিরই কানাডা থেকে আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত মে মাসে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে সরিয়ে তার স্থলে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নিয়োগ দেওয়া হয়। সে সময় জসীম উদ্দিনকে ওয়াশিংটনে পাঠানোর কথা থাকলেও তাকে অন্য দেশে বদলির সিদ্ধান্ত নেয় সরকার।
