সালাহউদ্দিন বললেন

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ‘জামায়াত’

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৩ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘একটি দল সব সময় বিভ্রান্তির রাজনীতি করেছে, যারা মানুষের সেন্টিমেন্টের বাইরে গিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’ গতকাল শুক্রবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর মিরপুরের পল্লবীতে মহানগর উত্তর বিএনপির মৌন মিছিল কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পাঁয়তারা করছে। কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। যে কোনো মূল্যে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে।’ তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে। যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন, নতুনরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন সেটা ভালো। কিন্তু কেউ যদি নির্বাচনকে পিছিয়ে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, তবে তারা আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও স্থানীয় নির্বাচন যারা চান, তাদের অসৎ উদ্দেশ্য আছে। যারা বিভ্রান্তির মধ্য দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা স্থানীয় ও পিআর পদ্ধতিতে নির্বাচন চান। পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়? কেউ বুঝে না।’  সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘চলতি জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে, ঐকমত্য কমিশন ও অন্তর্র্বর্তী সরকার দায়ী থাকবে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘চলতি মাসে জুলাই সনদ না হলে তার দায় অন্তর্র্বর্তী সরকার আর ঐকমত্য কমিশনের থাকবে।’ ‘যারা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর ও স্থানীয় নির্বাচন চায়, তাদের অসৎ উদ্দেশ্য আছে’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেছে, মানুষের অনুভূতির বিরুদ্ধে গেছে, তারাই পিআর নির্বাচন চায়। পিআর পদ্ধতি গায়ে দেয় নাকি খায়, দেশের মানুষ তা বোঝে না। আমরা বুঝি, একটা এলাকায় কোনো দলের প্রার্থী সংসদ সদস্য (এমপি) হবেন। সেই এলাকার জনগণের সঙ্গে তার সম্পর্ক থাকবে ও জনগণের অধিকার নিয়ে তিনি কথা বলবেন।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব মোস্তফা জামানসহ উত্তর বিএনপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

বিএনপিকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না মির্জা আব্বাস : বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত মৌন মিছিল ও দোয়া অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়। তবে বিএনপির একজন জীবিত থাকতেও তাদের মাইনাস করে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না।’

তিনি বলেন, ‘শহীদদের কেউ বেঁচে থাকলে আজ লজ্জা পেত। তারা যে কারণে শহীদ হয়েছেন আজ তা বাস্তবায়ন হচ্ছে না। তাদের বিক্রি করে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে একটি দল। একজন পীর আগে জামায়াতের বিরুদ্ধে কথা বললেও আজ তিনি জামায়াতের কোলে উঠে বসেছেন। জামায়াত এক সময় বিএনপির মাধ্যমে মন্ত্রী হলেও আজ বাস্তবতা ভিন্ন।’

মির্জা আব্বাস বলেন, ‘আমরা একটি ঐক্যবদ্ধ দেশ চাই, যা দেশকে এগিয়ে নিয়ে যাবে। অনেকে আজ বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ফেলার চেষ্টা করছে। বিএনপি পায়ে পা দিয়ে ঝগড়া করবে না। তবে বাটে পড়লে কিছু করার নেই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়। বিএনপির একজন জীবিত থাকতেও তাদের মাইনাস করে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না।’

‘বিএনপির প্রতি সরকার পক্ষপাতমূলক আচরণ করছে’ এমন অভিযোগ করে তিনি বলেন, ‘সরকারকে বলি, বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করবেন না। নির্বাচন না দিলে ভাবব, আপনারা দেশকে অশান্ত করার চেষ্টা করছেন।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আল মজনু, সদস্য সচিব তানভীর আহমেদসহ দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত