চট্টগ্রাম মেট্রোপলিটন

কনস্টেবলের বিরুদ্ধে আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগকে তথ্য দিয়ে সহায়তার অভিযোগ

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০১:২১ পিএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদরদপ্তরে কর্মরত যিশু মজুমদার নামে এক কনস্টেবলের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে গোপনে তথ্য দিয়ে ছাত্রলীগ ও যুবলীগকে সহায়তা, সহকর্মীদের বিরুদ্ধে ঊর্ধ্বতনদের কাছে বেনামি চিঠি দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগ দেওয়া হয়েছে পুলিশ সিকিউরিটি সেলে।

সিএমপির ভুক্তভোগী সূত্রগুলোর অভিযোগ, কনস্টেবল যিশু মজুমদার ২০০৯ সাল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে কর্মরত আছেন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ যাবত সিএমপি থেকে অন্তত আড়াইহাজার পুলিশ সদস্য দেশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। বদলির তালিকায় তার নাম থাকলেও ‘গুরুত্ব ও দায়িত্ব বিবেচনায়’ জোর সুপারিশে বাতিল হয়ে গেছে বদলির আদেশ।

অভিযোগ, সংশ্লিষ্ট থানার ওসি ও ফাঁড়ির ইনচার্জদের নামে পুলিশ কমিশনারের কাছে বেনামি অভিযোগ দেন যিশু। পরে সেই অভিযোগনামা সংশ্লিষ্ট ওসি কিংবা উপ-পরিদর্শককে দেখিয়ে তা গায়েব করে দেওয়ার নামে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা।

এছাড়া পুলিশ সদস্য হয়েও তিনি পরিধান করেন না ইউনিফর্ম। সিনিয়র পুলিশ অফিসারদেরকে পরিচয় দেন সিএমপির সিভিল স্টাফ বা প্রধান সহকারী। আবার কখনো উপপরিদর্শক সেজে সিএমপির সদর দপ্তরে সেবা নিতে আসা লোকজনের দেওয়া লিখিত অভিযোগ তদন্ত রিপোর্ট করিয়ে দেওয়া, সংশ্লিষ্ট অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা।

এছাড়া বদলি সূত্রে কোনো পুলিশ পরিদর্শক বা উপরিদর্শক সিএমপিতে যোগদান করলে তাকে ওসি বানিয়ে দেওয়া এবং উপপরিদর্শককে ফাঁড়ির ইনচার্জ বদলির ব্যবস্থা করে দেওয়ার নামেও সংশ্লিষ্টদের কাছে থেকে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। এছাড়া নগর পুলিশের রিজার্ভ অফিসার (১) তার তার ব্যাচমেট হওয়ায় প্রতিমাসে ৫ থেকে ৭ জন কনস্টেবল ও এএসআইকে আর্থিকভাবে লাভবান হওয়া যায় এমন জায়গায় পোস্টিংয়ের ব্যবস্থাও করে দেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় কনস্টেবল যিশু মজুমদারের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। কনস্টেবল যিশুর বিরুদ্ধে উঠা অভিযোগ প্রসঙ্গে জানতে সিএমপির উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিনের মোবাইলে একাধিকবার কল হলেও তিনিও সাড়া দেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত