রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান পরিপূর্ণ।
সমাবেশের প্রভাবে সকাল থেকেই ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। কর্মস্থলমুখী মানুষকে গন্তব্যে পৌঁছুতে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বাংলামোটর, শাহবাগ, সায়েন্সল্যাব, মৎস্যভবন ও পুরানা পল্টন এলাকার রাস্তায় তীব্র যানজট দেখা দিয়েছে।
এ অবস্থায় নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গুগল ম্যাপের ছবি পোস্ট করে বলা হয়েছে, ‘সুপ্রিয় নগরবাসী, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সুবিধার্থে ম্যাপটি সংযুক্ত করা হলো।’
জানা গেছে, শুক্রবার রাত থেকেই সমাবেশস্থলে জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। শনিবার সকাল নাগাদ উদ্যান পূর্ণ হলে অনেকেই আশপাশের রাস্তায় অবস্থান নেন, যা যান চলাচলে বাধার সৃষ্টি করে।
