বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস দায়িত্বে আসার পর জনগণের মাঝে আশার সঞ্জার হয়েছিল- তিন মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু সংস্কার-বিচারের কথা বলে সেই নির্বাচন যখন প্রলম্বিত হচ্ছে, তখন আমরা দেখতে পেলাম দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা হচ্ছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত মাধবদীর পৌর ছাত্রদলের কর্মী শাওনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাধবদী থানা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজিত স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বিএনপির সাথে আপস না করে দেশ চালানো সম্ভব নয়। এটা বুঝতে পেরেই প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তকে দেশের ১৮ কোটি মানুষসহ সকল রাজনৈতিক দল অভিনন্দন জানিয়েছে। কিন্তু দেশের একটি ধর্মব্যবসায়ী সংগঠন এবং এনসিপি এটি ভালোভাবে নেয়নি। তারা দেশে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি নেতাকর্মীরা তাদের সেই আশা বাস্তবায়ন হতে দেবে না।
তিনি বলেন, নরসিংদী জেল ভাঙ্গার ঘটনায় আমাকে এক নম্বর আসামি ও আমাদের নেতাকর্মীদের আসামি করে আইনের আওতায় আনার চেষ্টা করেছিল এবং আমাদের ক্রসফায়ারে নেয়ারও পরিকল্পনা করেছিল ফ্যাসিস্ট সরকার। যদি এ আন্দোলন সফল না হত তবে আমাদের কবর রচনা হয়ে যেত। আল্লাহর অশেষ রহমতে এ আন্দোলন সফল হয়েছে।
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, শাহেন শাহ সোহেল, মাধবদী শহর যুবদলের আহবায়ক সুলাইমান ভূঁইয়া, সদস্য সচিব জোবায়ের নকিব সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
