বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের ইমানি দায়িত্ব। এই দায়িত্ব পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আজ বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আশ্রমপাড়া গ্রামে পুরাতন বাজারে গত বছর ছাত্র গণ অভ্যুত্থানে ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত আশ্রমপাড়া নিবাসী সেলিম শেখ এর প্রথম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রখছিলেন।
এর আগে তিনিসহ বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা সেলিম শেখের পিতা ও পরিবারের সদস্যদের নিয়ে ধুরাইল বাজার থেকে কালব্যাজ ধারণ করে কালো পতাকা নিয়ে শোক মিছিল সহকারে কাউলরা কবরস্থানে শহীদ সেলিম শেখের কবরে পুস্পস্তবক অর্পণ করে শহীদের আত্মার মাগফেরাত কামনা কিরে মুনাজাত করেন।
এমরান সালেহ প্রিন্স শহীদ সেলিমের বাড়িতে যান এবং তার পিতা, মাতা, ভাইয়ের সাথে সাক্ষাৎ করে তাদের শান্তনা দেন। তিনি সেমিল শেখের বাড়িতে কয়েকটি গাছের চাড়া রোপণ করেন।
শোক সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে খুনি হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে পরে নাই। তীব্র গণ বিক্ষোভের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হতে হয়। হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে জনগণের বুকে অবৈধভাবে চেপে বসা জগদল পাথর অপসারিত হয়।
তিনি বলেন তারেক রহমান এবং বিএনপি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র গণ অভ্যুত্থানের ঐক্যকে অটুট রেখে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ মসৃণ করতে হবে।
তিনি বলেন দুঃখজনক হলেও সত্য যে, গণ অভ্যুত্থানের শক্তি সমূহে বিভক্তি, অনৈক্য শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে। জনগণ ছাড়াই ক্ষমতায় যাবার উদগ্র বাসনা কতিপয় দলকে অন্ধ করে দিয়েছে। তারা লজ্জা শরমের মথা খেয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির বিরুদ্ধে তারা লাগামহীন অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়। এদের ক্ষমতা লোভ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করছে।
তিনি বলেন বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের বীরের মর্যাদা দেয়। বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসলে সকল শহীদকে বীরের মর্যাদা দেবে, তাদের এলাকার সংশ্লিষ্ট রাস্তা বা প্রতিষ্ঠানের নাম শহীদদের নামে নামকরণ করা হবে। আহতদের যথাযথ পুনর্বাসন ও সুচিকিৎসা প্রদান করা হবে।
