মানিকগঞ্জের সিংগাইরে প্রবাসীর ঘরের তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ভাউদিপাড়া গ্রামের মো. কফিল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কফিল উদ্দিনসহ পরিবারের সকলেই সন্তান সম্ভাবা মেয়েকে চিকিৎসার জন্য সাভারের একটি বেসরকারি সরকারি হাসপাতালে অবস্থান করছিলেন। যার কারণে রাতে বাড়িতে আসতে পারেননি। এদিকে ভোরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে দেখেন লকার ভেঙে ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
ভুক্তভোগী আরও জানায়, স্থানীয় এক যুবক গত ১৮ জুলাই আমার বাড়ীর চারপাশে কয়েকবার ঘুরাঘুরি করেছে। এ বিষয়টি জানতে পেরে ওই যুবকের বাড়িতে গিয়ে দেখি, তারা সকলেই ঘর তালাবদ্ধ করে আত্মগোপনে গেছে। এতে আমাদের সন্দেহ ওই যুবক আমার বাড়িতে চুরির ঘটনা ঘটিয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, ‘চুরির অভিযোগ পেয়েছি। থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
