পাঁচে পাঁচ মেয়েদের

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৯:০৬ পিএম

পরীক্ষা-নিরীক্ষায় পুরোপুরি সফল বাংলাদেশের নারী হেড কোচ পিটার বাটলার। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের পাঁচ নম্বর ম্যাচেও পাঁচটি পরিবর্তন নিয়ে একাদশ সাজান। তার পরও ৫-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিয়ে আসরে এখনো অপরাজিত রইলো মেয়েরা। দিনের অন্য ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে নেপাল।   

২৫ মিনিটে থ্রোইন থেকে বক্সের ভেতর বেশ কয়েকবার শট নেওয়ার চেষ্টা করেন বাংলাদেশের মেয়েরা। রিবাউন্ডে ফিরে আসা বলটি বক্সের শেষ প্রান্তে নিজের দখলে নিয়ে বাঁ পায়ে গড়িয়ে শট নেন কানন রাণি বাহাদুর। তাতেই খোলে লঙ্কানদের গোলমুখ। এ মিডফিল্ডারের গোলে লিড নেয় বাংলাদেশ।

দ্বিতীয় গোলটিও আসে রিবাউন্ড থেকে। প্রথমার্ধের যোগ করা সময়ের একেবারে শেষ সময়ে বাম প্রান্ত থেকে বক্সের দিকে উঠিয়ে পাস দেন মিডফিল্ডার কানম আক্তার। দারুণ রিসিভের পর একটু সামনে ঢুকে বাঁ পায়ে শট নেন তৃষ্ণা রানি। তবে দুর্ভাগ্য বারে লেগে ফিরে আসে বল। কিন্তু পেয়ে যান পুজা দাস। আলতো করে রিবাউন্ডে নেওয়া শটে বল জালে জড়িয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে চারটা পরিবর্তন করান বাটলার। মাঠে আসেন উমেহ্লা মারমা, মুনকি আক্তার, অধিনায়ক আফিদা খন্দকার ও স্বপ্না রানি মণ্ডল। তাতে আক্রমণের ধার বাড়ে বাংলাদেশের। কিন্তু গোল হচ্ছিলো না। ৭২ মিনিটে হ্যাটট্রিক করা শান্তি মার্ডিকেও মাঠে নামিয়ে দেন কোচ বাটলার।

৭৩ মিনিটে শ্রীলঙ্কার চার খেলোয়াড়কে কাটিয়ে মাঝ বরাবর পুজার উদ্দেশ্যে পাস বাড়ান স্বপ্না রানি মণ্ডল। বলটি রিসিভ করেই দূর পাল্লার শট নেন এ ফরোয়ার্ড। শ্রীলঙ্কার গোলপোস্টের সামনে ঢাল হয়ে দাঁড়ানো থারুশিকা বামে ঝাপিয়ে সেভ করার চেষ্টা করেন। তবে তার ক্লিয়ার করা সত্ত্বেও দ্বিতীয় দফায় সাইডবারে লেগে বল জড়ায় জালে। তাতেই ম্যাচের দ্বিতীয় গোলটির দেখা পান পুজা দাস। বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ গোলে।

৮৭ মিনিটে থ্রু পাস থেকে প্রথমে এক ডিফেন্ডার ও পরে গোলকিপার থারুশিকাকে পরাস্ত করে আলতো টোকায় চতুর্থ গোলটি আদায় করে নেন তৃষ্ণা রানি। এর পর পরই দ্বিতীয়বারের মতো মাঠে অসুস্থ হয়ে পড়েন থারুশিকা। এ যাত্রায় মাঠ ছেড়ে যেতে হয় লঙ্কান গোলকিপারকে।

যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে নেওয়া শট হাত দিয়ে থামিয়ে দেন লঙ্কান গাগানি। পেনাল্টি পায় বাংলাদেশ। শট নিতে আসেন আফিদা খন্দকার। ডান প্রান্ত দিয়ে বল জালে পাঠালেও লঙ্কানদের ভুলে দ্বিতীয় দফায় শট নেন আফিদা। তার শক্তিশালী কিকে বদলি গোলকিপার রিদুশা হাত ছোঁয়ালেও ঠেকাতে পারেননি। তাতে ৫-০ গোলের লিড পেয়ে যায় বাংলাদেশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত