দেশে এই প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৭:০৩ এএম

‘বই পড়ি, স্বপ্ন আঁকি’ স্লোগানে শুরু হলো স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘বাংলাদেশ বুক অলিম্পিয়াড’। শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস তৈরি করার জন্য এই অলিম্পিয়াডের আয়োজন।

গতকাল শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আলোক শিক্ষালয়ে প্রথমবারের মতো মুক্ত আসরের উদ্যোগে বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির আয়োজনে দুইশ শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অলিম্পিয়াডের যাত্রা শুরু হয়। এরপর ফিতা কেটে বাংলাদেশ বুক অলিম্পিয়াড উদ্বোধন করেন কথাসাহিত্যিক অধ্যাপক মোহিত কামাল।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক আখতার হুসেন, আলোকচিত্রশিল্পী ও গবেষক সাহাদাত পারভেজ, বুক অলিম্পিয়াডের সভাপতি রোকেয়া ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, যোগাযোগবিষয়ক প্রধান সমন্বয়ক আবুল বাসার মিরাজ ও আলোক শিক্ষালয়ের শিক্ষক শাওলিন আক্তার।

দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন শিশুসাহিত্যিক দন্ত্যস রওশন, মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক চাকমা প্রমুখ। এক ঘণ্টা বইবিষয়ক নানা ধরনের প্রশ্ন নিয়ে তিনটি ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি ক্যাটাগরিতে ৩২ জনকে বিজয়ী করা হয়।

প্রস্তুতি পর্বের বিজয়ীরা সরাসরি জাতীয় পর্যায় অংশ নেবে।

পরীক্ষাপর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন নজরুলসংগীতশিল্পী উম্মে রুমা ট্রফি, সংগীতা পাল ও আলোক শিক্ষালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বুক অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক আয়শা জাহান নূপুর।

এ আয়োজনের সহযোগিতায় রয়েছে স্বপ্ন ’৭১ প্রকাশন, বইচারিতা ও কাঠবিড়ালি প্রকাশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত