বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল বলেছেন, ‘শিগগির তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। তাই ষড়যন্ত্রকারীদের মাথা খারাপ হয়ে গেছে। তারেক রহমানের সঙ্গে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠকে নির্বাচনের দিনতারিখ ঠিক করা হয়। সেই নির্বাচন বাধাগ্রস্ত করা হচ্ছে। তারেক রহমানকে নিয়ে আর কটূক্তি করলে সে যে দলেরই হোক, কঠোর জবাব দেওয়া হবে।’
গতকাল শনিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এরপর যদি তারেক রহমানকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে। কেউ এমন ধৃষ্টতা দেখালে আপনারা তাৎক্ষণিক জবাব দেবেন, সে যেই দলের লোকই হোক না কেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বৈরাচারবিরোধী আন্দোলনে যে পরিবারের ভূমিকা রয়েছে সেটি হলো জিয়া পরিবার। জিয়াউর রহমান স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর দেশে যখন গণতন্ত্র ছিল না, জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র চালু হয়েছে। তাকে হত্যার মাধ্যমে আবারও গণতন্ত্র আটকে দেওয়া হয়েছিল। পরে বেগম খালেদা জিয়া এরশাদবিরোধী আন্দোলন করে পুনরায় গণতন্ত্র উদ্ধার করেছিলেন। এরপর দেশি-বিদেশি চক্রান্তে স্বৈরাচার হাসিনাকে প্রতিষ্ঠা করা হয়েছিল।
