প্রধান উপদেষ্টা

স্বাধীনতা রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখায় সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০১:২৪ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসারদের পরবর্তী পদোন্নতির জন্য গঠিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় দেশের স্বাধীনতা রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখায় এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

রবিবার (২০ জুলাই) সকালে সেনাবাহিনীর সদর দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধে শহীদ ও আহত বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণ করেন। এছাড়া, পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সেনাসদস্য এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ছাত্র-জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাদারিত্ব, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, আনুগত্য ও নিযুক্তিগত যোগ্যতার ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, যারা সৎ, নীতিবান ও দক্ষ নেতৃত্ব দিতে সক্ষম, তারাই উচ্চতর পদে উন্নীত হওয়ার দাবিদার। এ সময় রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে যোগ্যতা ও মেধার ভিত্তিতে অফিসার নির্বাচনের নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম। বেসামরিক প্রশাসনকে সহায়তা করে তারা যে ত্যাগ স্বীকার করছেন, তা জাতির জন্য গর্বের। এ জন্য সেনাপ্রধানসহ সব সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে সেনা ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে প্রধান উপদেষ্টা সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত