গড়ার কাজে কাউকে দেখা যায় না, শুধু ভাঙার কাজে ব্যস্ত: মাহফুজ আলম

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০১:২৩ পিএম

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন, ‘অনেকে এখনও শুধু ভাঙার কাজে ব্যস্ত, কিন্তু গড়ার কাজে কাউকে দেখা যায় না।’

গতকাল শনিবার বিকেল ৫টা ৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘পুরোনো বন্দোবস্ত মচকে গেছে। এখন এটাকে আর ভাঙা যাবে না, বরং ভাঙতে গেলে আরও বেঁকে যাবে, বেঁকে যাচ্ছে।’

মাহফুজ আলমের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো-

‘সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারে সহযোগিতা করুন। কিন্তু নাগরিক হিসেবে সকলের মানবাধিকারের পক্ষে থাকুন। কোনো এলাকাকে গ্যেটো বানানোর চেষ্টা করবেন না। গোপালগঞ্জের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ নিম্নবর্গের হিন্দু। তারা লীগের আমলে নিপীড়িত ও বঞ্চিত হয়েছেন। আমাদের উচিত, বাংলাদেশজুড়ে লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে মৈত্রী গড়ে তোলা।

হাসিনার পরাজয় কেবল রাজনৈতিক নয়, নৈতিকও বটে। নৈতিক পরাজয়ের পরই তার রাজনৈতিক পরাজয় ঘটে। ফলে, আমরা হাসিনার বিরুদ্ধে গিয়ে নৈতিক উচ্চতা হারাতে পারি না। গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমরা মানবিক মর্যাদা, বৈষম্যহীনতা আর সুবিচারের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করা আমাদের কর্তব্য।

অনেকেই এখনো ভাঙার কাজে ব্যস্ত। কিন্তু গড়ার কাজে কাউকে পাওয়া যায় না। অথচ, পুরোনো বন্দোবস্ত মচকে গেছে। এখন এটাকে আর ভাঙা যাবে না, বরং ভাঙতে গেলে আরও বেঁকে যাবে, বেঁকে যাচ্ছে। আবার সময় আসবে, তখন ভাঙা যাবে। কিন্তু এক্ষণে গড়ার কাজে আমাদের মনোনিবেশ করা উচিত।

গণ-অভ্যুত্থানের পর আমাদের অপ্রস্তুতি ছিল, বিহ্বলতা আর অনভিজ্ঞতা মিলেই আমরা ফ্যাসিবাদী বন্দোবস্তের পূর্ণাঙ্গ বিলোপ ঘটাতে পারিনি। কিন্তু এই সুযোগে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদের হাজির করা এবং জবাবদিহিমূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার কাজটা যদি করতে পারি, তাহলে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণাঙ্গ বিলোপের পথে হাঁটতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত