হালুয়াঘাটে সাবেক চেয়ারম্যান ও কাউন্সিলরসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৫:৩৩ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাদশা, হালুয়াঘাট পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. আলী হোসেন ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. সুজন মিয়া। 

পুলিশ জানায়, শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে  বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গত বছরের ৩১ জানুয়ারি রাতে দর্শাপাড় ব্রিজ এলাকায় আসামিরা সংঘবদ্ধ হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের নিয়ে জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে আতঙ্ক সৃষ্টি করেন। রাষ্ট্রের সম্পত্তি ক্ষতি সাধনের প্রচেষ্টায় লিপ্ত থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করায় লিপ্ত ছিলেন তারা। এ ঘটনায় গত বছরের ১ ফেব্রুয়ারি হালুয়াঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। সেই মামলার তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত