জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সোনাগাজী উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই নেতা। কমিটি গঠনের এক মাসের মাথায় ১৮ জুলাই ফেসবুকে পোস্ট দিয়ে তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগী নেতারা হলেন- নির্বাহী কমিটির সদস্য সদর ইউনিয়নের শাহাপুরের মো. ইসমাইল হোসাইন ও পৌরসভার আলাউদ্দিন।
এর আগে গত ২০ জুন ২০ সদস্যের কমিটি ঘোষণার পর তাদের কয়েকটি কর্মসূচিতেও দেখা যায়। তবে তারা কেন পদত্যাগ করেছেন সেটি স্পষ্ট করেননি।
মো. ইসমাইল হোসাইন বলেন, ‘আমি বিএনপি পরিবারের লোক। দীর্ঘসময় মামলা-হামলার শিকার হয়েছি। এনসিপির কমিটিতে রাখার বিষয়ে আমাকে আগে থেকে জানানো হয়নি। কমিটিতে নাম রাখলেও আমি তাদের কোনো কর্মসূচিতে যাইনি। তাই পদত্যাগ করেছি।’
এ বিষয়ে এনসিপির উপজেলা সহকারী সমন্বয়কারী মোশাররফ হোসেন বলেন, ‘কমিটি গঠনের পর সবাইকে নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আমাদের ২০ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ২ জন সদস্য পদত্যাগ করছে ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছে। কিন্তু আমাদের লিখিত বা মৌখিক কোনো কিছু জানায়নি।’
