সাতক্ষীরার তালায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরিফুল গাজী (৩৮) নামে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে গণপিটুনিতে রাজু গাজী (৩৬) নামে হামলাকারীও নিহত হয়েছে বলে জানা গেছে।
রবিবার (২০ জুলাই) বিকালে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মাদরাসা শিক্ষক শরিফুল গাজী হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। আর রাজু গাজী একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে।
ওসি মো. মাইনউদ্দিন জানান, এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। শোনা যাচ্ছে গণপিটুনিতে নিহত রাজু গাজী (৩৬) একজন মানসিক ভারসাম্যহীন। আমরা (পুলিশ) এখন ঘটনাস্থলে আছি। প্রতিকুল ও দুর্গম এলাকা। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী শিক্ষক শরিফুলকে ডেকে মাদরাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই মাদ্রাসা শিক্ষককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের। স্থানীয়রা ছুটে এসে রাজু গাজীকে আটক করে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলে তারও মৃত্যু ঘটে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে।
