নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৬:১৪ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সাজাপ্রাপ্ত মোবারক হোসেন সাগরকে (২০) আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

আদালত সূত্র জানায়, মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মা মনোয়ারা বেগমকে হত্যা করে রশিতে ঝুলিয়ে দেয় মাদকাসক্ত ছেলে। ঘটনাটি ঘটে গত ২০২২ এর ২৪ অক্টোবর জেলার মোহনগঞ্জ উপজেলার বাহাম নাকডরা গ্রামে। আব্দুস সাত্তারের স্ত্রী ও সাজাপ্রাপ্ত সাগর নানার বাড়িতে বসবাস করতেন।

এ ঘটনার পরের দিন সাগরের মামা বাদী হয়ে ভাগ্নেকে একমাত্র আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর তদন্ত শেষে পুলিশ পরের বছর ২৭ মে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে। আসামির স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে ও ১০ জন স্বাক্ষির স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। এমন চাঞ্চল্যকর হত্যাকান্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী। 

এব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল হোসেন জানান, আজকে একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় আদালত আসামি মোবারক হোসেন সাগরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। ঘটনাটি নেত্রকোনার মোহনগঞ্জের একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। এ মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য আদেশ শেষে আদালত এই রায় প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত