রায়পুরে বড় মেয়ের সঙ্গে ঝগড়া, বিষপানে মা ও মেয়ের মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৭:২১ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে তাসলিমা বেগম (৪০) ও মিতু আক্তার (৩) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বড় মেয়ের সঙ্গে কলহের জের ধরে তাসলিমা তার ছোট মেয়ে মিতুকে বিষপান করিয়ে নিজেও বিষপান করে মারা যান। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।

তাসলিমা বেগম চরলক্ষ্মী গ্রামের গিয়াস উদ্দিন মাঝি বাড়ির কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী।

স্থানীয় ও নিহতদের স্বজনরা জানান, প্রায় তিন বছর আগে চরলক্ষ্মী গ্রামের মাহফুজ আলমের সঙ্গে তাসলিমার বড় মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয়। তবে স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে বনিবনা হচ্ছিল না সাবিনার। এর জের ধরে গত এক মাস ধরে মা-মেয়ের মধ্যে মনোমালিন্য চলছিল।  সকালে সাবিনার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে বসতঘরের পাশে ধানখেতে গিয়ে তাসলিমা বেগম তার শিশুসন্তান মিতুর মুখে বিষ ঢেলে নিজেও পান করেন। এ সময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও তাদের বাঁচানো যায়নি।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত