মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর অন্তর্বর্তী সরকার দায়িত্বশীল আচরণ ও সঠিক পদক্ষেপ নিতে পারেনি বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া কিছু কিছু উপদেষ্টা বিশেষ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় দলটির অস্থায়ী কার্যালয় রূপায়ণ টাওয়ারে সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন।
মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সরকারের আরও মানবিক এবং দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম। গতকালের ঘটনার পর থেকে যা যা হয়েছে, সেখানে আরও দায়িত্বশীল হলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে যেতো না।
শিক্ষা উপদেষ্টা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, তিনি ফোন রিসিভ করছেন না, অন্য উপদেষ্টারা ফোন দিয়ে তাকে পাচ্ছেন না। সরকারের যদি এ অবস্থা হয়! দেশের শিক্ষার্থী-ছাত্রসমাজ সবাই যখন ঘটনায় ব্যস্ত, এ পরিস্থিতিতে সরকার দায়িত্বশীল আচরণ করতে পারতো।
নিহত ও আহতদের সঠিক সংখ্যা প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
