হাইকোর্ট এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৯:৩৫ এএম

রাজধানীতে হাইকোর্ট এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম মো. সেন্টু (৪৫)।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে রাত দেড়টার দিকে চিকিৎসত মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু মো. আলআমিন জানান, সেন্টুর বাসা চকবাজার ইসলামবাগ ঈদগাহ মাঠ এলাকায়। সেখানে প্লাস্টিকের ব্যবসা রয়েছে সেন্টুর।

তিনি জানান, মঙ্গলবার কাকরাইল এলাকায় গিয়েছিলেন তারা দুই বন্ধু। সেখানে কাজ শেষে মোটরসাইকেল করে চকবাজার ফিরছিলেন। পথে হাইকোর্ট জাতীয় ঈদগাহ সংলগ্ন কদম ফোয়ারায় গোল চত্বরে ইউটার্ন নেয়ার সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ছিটকে তারা দুই পাশে পড়ে গেলে সেন্টুর মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা। উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত বলে জানান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহবাগ থানা পুলিশ এই ঘটনায় আইনি ব্যবস্থা নিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত