ঢাকার বিশেষ জজ আদালত-৬ দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে বেকসুর খালাস দিয়েছেন।
বুধবার (২৩ জুলাই) বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।
আদালত বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। এদিন এ্যানি আদালতে উপস্থিত থেকে রায় শোনেন। তার পক্ষে আইনজীবী মহি উদ্দিন চৌধুরী, জামাল হোসেন, তানজিম চৌধুরী ও খায়রুল ইসলাম লিটন আদালতে হাজির ছিলেন। গত ১৬ জুলাই যুক্তিতর্ক শেষে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।
২০১৪ সালের ৯ অক্টোবর দুদকের উপপরিচালক মো. মঞ্জুর মোর্শেদ রমনা থানায় এ মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, এ্যানি দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদ গোপন করেছেন। এ ছাড়া, তার বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, তিনি জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ফি বাবদ ৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকা এবং লক্ষ্মীপুরের কুশখালীতে নিজ নামে স্কুলে অনুদান বাবদ ১০ লাখ টাকা গোপন করেছেন, যা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।
দুদকের অনুসন্ধানে জানা যায়, এ্যানির দেওয়া তথ্য অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ২৬৬ টাকা। এতে দায় হিসেবে ৫০ লাখ টাকা বাদ দিলে নিট সম্পদ দাঁড়ায় ৩ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ২৫৭ টাকা। অথচ ২০১৩ সালের ৩০ জুন জমা দেওয়া বিবরণীতে তার সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৭৬ লাখ ৯১ হাজার ৫৮৭ টাকা।
