ঈশ্বরগঞ্জে মদের চালানসহ যুবককে ধরে পুলিশে দিল জনতা

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৭:৩৯ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মদের চালানসহ মো. হাবিবুল্লাহ আল মামুন (২২) নামে এক যুবককে ধরে পুলিশে তুলে দিয়েছে জনতা। 

বুধবার (২৩ জুলাই) দুপুরে ওই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। তার আগে গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মামুনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় জনগণ।  

গ্রেপ্তারকৃত যুবক মামুনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের শিমুলিয়া গ্রামে। সে ওই গ্রামের কাজিমুদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের উপজেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ের সামনে মদের চালান নিয়ে সিএনজি থেকে নামে ওই যুবক। তার সন্দেহজনক ঘুরাফেরা ও জিজ্ঞাসাবাদে সঠিক উত্তর দিতে না পারলে তার সঙ্গে থাকা ব্যাগে মদের চালান রয়েছে বুঝতে পেরে পুলিশে দেয় উপস্থিত জনতা।   

জানা গেছে, পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ থেকে রনি নামের একজন ১০ বোতল মদের একটি চালান হাবিবুল্লাহ আল-মামুনের নিকট শম্ভুগঞ্জ পাঠায়। মামুন শম্ভুগঞ্জ থেকে সিএনজি করে ঈশ্বরগঞ্জের উদয় নামের একজনকে চালানটি দিতে আসে। সিএনজি থেকে নামতেই তাকে ধরে পুলিশে দেয় জনগণ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে জনগণের সহযোগিতায় আব্দুল্লাহ আল-মামুনকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় তার কাছে থাকা ১০ বোতল বিদেশি মদ জব্দ করে থানায় একটি মামলা দায়ের করা হয়। বুধবার ওই যুবককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জের মানুষ অনেক সচেতন। জনগণের সহযোগিতায় ও পুলিশের আন্তরিক প্রচেষ্টায় চলতি মাসে থানায় ১০ টি মাদক মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত