নেত্রকোনার মদনে শিয়ালের কামড়ে নারী শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ জন মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ নুরুল হুদা খান।
এর আগে বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলার চানগাঁও গ্রামে এমন ঘটনা ঘটে।
আহতরা হলেন- শিফা আক্তার (২৯), সালমা আক্তার (২৪), তন্না আক্তার (১০), মোরসালিন (১৭), জেসমিন আক্তার (৪৫), এরশাদ মিয়া (৩৫), শামীম মিয়া (৩৮), আঙ্গুর মিয়া (৫০), তাইজুল (৬), আসব আলী (৭৫), মারিয়া আক্তার (৩), লিজা আক্তার (৯), আবির (২) ও কাইয়ূম মিয়া (৪০)। বাকিদের পরিচয় জানা না গেলেও তারা সবাই চানগাঁও গ্রামের বাসিন্দা।
আহত কাইয়ূম মিয়া বলেন, ‘আমি প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে ঘরে বসেছিলাম। হঠাৎ একটা শিয়াল এসে কিছু বুঝে ওঠার আগেই আমাকে কামড়ে দেয়। শুধু আমাকে নয়, পাড়ার আরো ১৬ জনকে কামড় দেয়। এরপর থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ নুরুল হুদা খান বলেন, বুধবার রাতে শিয়ালের কামড়ে আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। সবাইকে জলাতঙ্কের প্রথম ডোজ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাদের জানিয়েছি।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং-এর সহ সভাপতি সুমন রায় জানান, মানুষের তাড়া খেয়েই হয়তো প্রাণ বাঁচাতে শিয়ালটি কামড় দিতে পারে। তবে বিষয়টি দুঃখজনক। আগে যে পরিমাণ বন জঙ্গল ও ঝোঁপঝাড় ছিল তার কোন কিছুই এখন আর নেই। ফলে শিয়ালের মতো উপকারী বন্যপ্রাণীরা আশ্রয় ও খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে।
