ভাঙা পায়ে ব্যাট করে সাহসিকতার অনন্য নজির গড়লেন রিশাভ পান্ত 

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৮:৪৫ পিএম

পায়ে চিড় ধরেছে, চলাফেরা করতেই পারছেন না—তবু দলের প্রয়োজনে ব্যাট হাতে মাঠে নেমে সাহসিকতার নজির গড়লেন রিশাভ পান্ত। আজ ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনে জোফরা আর্চারের দুর্দান্ত বলে বোল্ড হয়ে ফিরে গেলেন তিনি। ততক্ষণে করে ফেলেছেন ৫৪ রানের এক অতুলনীয় ইনিংস, যা শুধু রান নয়, সাহস, সংকল্প আর ক্রিকেটের প্রতি গভীর দায়বদ্ধতার প্রতীক হয়ে থাকবে।

গতকাল ৬৮তম ওভারে ৩৭ রানে ব্যাট করার সময় ক্রিস ওকসের ইয়র্কার ব্যাটে লেগে গিয়ে লাগে পায়ের পাতায়। সঙ্গে সঙ্গেই যন্ত্রনায় কুঁকড়ে যান পন্ত। চিকিৎসার পরও দাঁড়াতে না পারায় গলফ কার্টে করে মাঠ ছাড়তে হয় তাঁকে। স্ক্যানে ধরা পড়ে ডান পায়ের পাতার (মেটাটারসাল) হাড়ে চিড়।

ভারতের সংবাদমাধ্যম জানায়, অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার সম্ভাবনা ছিল। সিরিজেও তাঁকে আর দেখা যাবে না বলেই আশঙ্কা করছিল অনেকে। তবে আজ লাঞ্চ বিরতির আগে ভারতের সপ্তম উইকেট পতনের পর মাঠে নামলেন সেই পন্তই—পায়ে চিড় নিয়েই! খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে ঢোকার সময় গ্যালারির সবাই দাঁড়িয়ে সম্মান জানায় এই ‘যোদ্ধা’কে।

টেস্টের প্রথম বল পায়ে লেগে মাঠ ছাড়েন রিশাভ পান্ত

বুধবার চোট পাওয়ার আগে পর্যন্ত ৪৮ বল খেলে ৩৭ রান করেছিলেন পন্থ। আজ লাঞ্চের আগে ১৫ মিনিটে খেলেন ৭ বল। করেন ২ রান। বিরতির পর আরও ৪০ মিনিটে ২০ বল খেলে ১৫ রান করলেন। ভাঙা পা নিয়ে সব মিলিয়ে ৫৫ মিনিট ব্যাট করলেন। ২৭ বলে ১৭ রান করলেন। চার মারলেন। ছয়ও মারলেন। ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়লেন। ফিফটি করলেন! আর্চারের বলে বোল্ড হলেন বলের লাইন ‘মিস’ করে। ঠিক যে ভাবে আউট হয়েছিলেন লর্ডসে। 

আউট হওয়ার পর মাঠ ছাড়ার সময় আবারও করতালিতে ভেসে যান এই লড়াকু ক্রিকেটার। শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজ এগিয়ে এসে স্যালুট জানান পন্তকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত