রিজার্ভ চুরির প্রতিবেদন দাখিল ৮৭ বার পেছাল

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১২:৩৩ এএম

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও এক দফা বাড়ানো হয়েছে। নতুন তারিখ আগামী ২৬ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ নতুন তারিখ ঘোষণা করেছেন। এ নিয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির মামলায় ৮৭ বার সময় নিল সিআইডি।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে একটি মামলা করেন। মতিঝিল থানায় অর্থ পাচার প্রতিরোধ আইনের ওই মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

দেশের অভ্যন্তরেরই কোনো একটি চক্রের সহায়তায় এই অর্থ পাচার হয়েছে বলে তখন ধারণা করা হয়। পরে সিআইডির তদন্তে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানসহ মোট ১৩ জন সরকারি কর্মকর্তাকে ওই ঘটনায় অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। যাদের মধ্যে অনেকেই বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

এদিকে রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনা করতে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সভাপতি করে উচ্চ পর্যায়ের একটি কমিটি করেছিল সরকার। মার্চ মাসে গঠন হওয়া ছয় সদস্যের ওই কমিটিকে পরবর্তী ৩ মাসের মধ্যে কমিটিতে সুপারিশ দিতে বলা হয়েছিল। কমিটি গঠনের পর নির্ধারিত সময় পার হয়ে গেলেও এ নিয়ে উল্লেখ যোগ্য কোনো অগ্রগতি জানা জায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত