যুদ্ধ বিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৭:৫১ পিএম

থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তারা সীমান্ত থেকে তাদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০২৫ সালের মাদকবিরোধী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন তিনি।

আনোয়ার ইব্রাহিম জানান, উভয় দেশই এতে সম্মত হয়েছে, তবে তারা কিছুটা সময় চেয়েছে, কারণ তাদের সেনারা আগে থেকেই সীমান্তে মোতায়েন ছিল। তাই পিছিয়ে আসতে সময় লাগবে।

তিনি বলেন, ‘মালয়েশিয়ার অবস্থান এবং আমাদের প্রতি তাদের সম্মানের জায়গা থেকে গতকাল আমি থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। আমি কৃতজ্ঞ, কারণ আমি যখন তাদের সঙ্গে কথা বলি, উভয়ই সম্মানজনকভাবে সাড়া দিয়েছেন। কেন? কারণ মালয়েশিয়া একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ।’

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই), আনোয়ার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে আলোচনার ইতিবাচক সাড়া ও সদিচ্ছাকে স্বাগত জানান।

তাকে উদ্ধৃত করে বলা হয়, তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইকে ফোন করেন উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে মালয়েশিয়ার উদ্বেগ প্রকাশ করতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত