মাত্র দুই দিন আগেই গড়েছিলেন দেশের রেকর্ড। এবার সেই ইনিংসকেও পেছনে ফেলে গড়লেন বিশ্ব রেকর্ড। মাত্র ১৮ বছর বয়সেই ব্যাট হাতে একের পর এক নজির গড়ছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ওপেনার জর্খ ফন স্কালভিক।
ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ১৫৩ বলে ২১৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন স্কালভিক। তাঁর এই ইনিংস গড়া ১৯টি চার ও ৬টি ছক্কায়। যুব ওয়ানডে ইতিহাসে এটিই প্রথম দ্বিশতক। এর আগে সর্বোচ্চ ছিল শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোদার ১৯১ রান, ২০১৮ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে।
গত মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষেই গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার যুব ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। ওই ম্যাচে ৩২০ রানের লক্ষ্য তাড়ায় ১৫৬ বলে অপরাজিত ১৬৪ রান করেন স্কালভিক। ম্যাচটি শেষ হয়ে যায় আলোকস্বল্পতায়, ডিএলএস পদ্ধতিতে জয় পেলেও সেদিন দ্বিশতকের পথে থমকে যেতে হয় তাকে। তবে অপেক্ষা ছিল মাত্র দুই দিনের। হারারেতে এ দিন সুযোগ পেয়েই পূরণ করলেন অসম্পূর্ণ থাকা সেই স্বপ্ন।
স্কালভিক শুরুটা করেন ধীর গতিতে। পঞ্চাশ ছুঁতে লাগে ৪৮ বল। শতক পূর্ণ করেন ৮৬ বলে, দেড়শ স্পর্শ করেন ১২২ বলে। তবে দেড়শ থেকে দ্বিশতকে পৌঁছাতে লেগেছে মাত্র ২৩ বল! ৪৭তম ওভারে পাঁচ নম্বরে আউট হওয়ার সময় তাঁর নামের পাশে তখন ২১৫ রান।
দলের ইনিংস থামে ৩৮৫ রানে, এক বল বাকি থাকতে অলআউট দক্ষিণ আফ্রিকা। স্কালভিক একাই করেন দলের অর্ধেকের বেশি রান। দ্বিতীয় সর্বোচ্চ ছিল জেসন ফন রোলসের ৭৬।
এই ত্রিদেশীয় সিরিজে আসার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে যুব ওয়ানডে অভিষেক হয় ফন স্কালভিকের বাংলাদেশের বিপক্ষে। প্রথম ম্যাচে করেন ৯ বলে শূন্য, বাদ পড়েন দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে। তৃতীয় ম্যাচে ফিরে আসতেই ১৬৪ রানের ইনিংস, এরপর জিম্বাবুয়ে সিরিজে এসেই রেকর্ড–গড়া ২১৫। নতুন এক তারকার উত্থান যেন চোখের সামনেই ঘটছে।
সাইফউদ্দিন ফেরার পেছনে অবদান লিটনের এক ফোন
বিশ্বকাপে তোলা কোচকে ছাঁটাই, ‘ইস্যু বানাবেন না’ বললেন হকির সাধারণ সম্পাদক