কলম্বিয়ার প্রেসিডেন্ট 

ইসরায়েলে আর ‘একটন কয়লাও’ রপ্তানি নয়, জাহাজ আটকানোর নির্দেশ

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০২:৩৭ পিএম

গাজায় আগ্রাসনের পর ইসরায়েলের বিরুদ্ধে নিজের অবস্থান আরও কঠোর করে তুলেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বৃহস্পতিবার তিনি দেশটির নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন, যেন ইসরায়েলগামী সব কয়লা বহনকারী জাহাজকে থামানো হয় ও রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করা হয়।

প্রেসিডেন্ট পেত্রোর অভিযোগ, গত বছরের আগস্টে সরকারিভাবে ইসরায়েলে কয়লা রপ্তানি নিষিদ্ধ হলেও তার প্রশাসনের মধ্যেই কিছু কর্মকর্তা নীতিমালার বিরুদ্ধে কাজ করছেন এবং ইসরায়েলে কয়লা পাঠানোর অনুমতি দিচ্ছেন। তাই এবার তিনি নৌবাহিনীকে সরাসরি ব্যবহার করে নিষেধাজ্ঞা কার্যকর করার ঘোষণা দিয়েছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘আজ আবার এক জাহাজ ভর্তি কয়লা ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এটি আমার সরকারের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ। নৌবাহিনীকে লিখিত নির্দেশ দেওয়া হবে— ইসরায়েলগামী কোনো জাহাজ যেন আর ছাড়তে না পারে।’

পরবর্তীতে তিনি আরও স্পষ্টভাবে বলেন, ‘ইসরায়েলের জন্য কলম্বিয়া থেকে একটন কয়লাও আর রপ্তানি হবে না।’

এর আগে গত বছরের আগস্টে কলম্বিয়া সরকার ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কয়লা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে। এই সিদ্ধান্তের পেছনে প্রেসিডেন্ট পেত্রো ইসরায়েলের গাজা অভিযানকে ‘গণহত্যা’ আখ্যা দেন।

তবে সেই নিষেধাজ্ঞায় কিছু ব্যতিক্রম রাখা হয়েছিল—যেসব চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বা কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ছাড় ছিল।

কলম্বিয়া হলো বিশ্বের অন্যতম বড় কয়লা রপ্তানিকারক দেশ এবং ইসরায়েল তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। প্রেসিডেন্ট পেত্রোর এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিতে পারে, বিশেষ করে যখন গাজা পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত