ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জায়েদানে একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়।
শনিবার (২৬ জুলাই) জায়েদানের বিচারকেন্দ্রে অজ্ঞাত বন্দুকধারীরা এই হামলা চালায়। ইরানের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এএফপিকে জানায়, এ হামলায় ১৩ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা পাঁচ বলা হলেও তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে সিস্তান-বেলুচিস্তানের ডেপুটি পুলিশ কমান্ডার আলিরেজা দালিরি বলেন, হামলাকারীরা দর্শনার্থীর ছদ্মবেশে ভবনে ঢোকার চেষ্টা করে। তারা ভবনের ভেতরে গ্রেনেড নিক্ষেপ করলে বেশ কয়েকজন নিহত হন। নিহতদের মধ্যে এক বছরের একটি শিশু ও তার মাও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জইশ আল-আদল হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশে প্রায়ই সহিংস ঘটনা ঘটে। ইরানি নিরাপত্তা বাহিনী, বেলুচ বিদ্রোহী, উগ্র সুন্নি গোষ্ঠী ও মাদক পাচারকারীদের মধ্যে এখানে সংঘর্ষ লেগেই থাকে। গত অক্টোবরে এই অঞ্চলে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়েছিল।
