নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ওহিদুর রহমান (৮১) মারা গেছেন। শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বাদ এশা নওগাঁ শহরের নওজোয়ান মাঠে প্রথম জানাজা ও রবিবার সকাল ১০টায় আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৪৩ সালে আত্রাই উপজেলায় জন্মগ্রহণ করেন ওহিদুর রহমান। মুক্তিযুদ্ধে নওগাঁ, রাজশাহী ও নাটোরের বিস্তৃত এক অঞ্চলজুড়ে ২ হাজারেরও বেশি মুক্তিযোদ্ধা নিয়ে বিশাল এক বাহিনী গঠন করেছিলেন যা পরবর্তীতে ‘ওহিদুর বাহিনী’ নামে পরিচিতি পায়।
পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা ওহিদুর রহমান বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, অবিভক্ত রাজশাহী জেলার কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক। জাতীয় কৃষক সমিতি, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ আখ চাষী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
তিনি ১৯৬৫ সালে ছাত্র ইউনিয়নের রাজশাহী জেলা কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। ১৯৬৮ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৮৩ সালে শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান নির্বাচিত হন। ১৯৮৬ সালে তিনি তৃতীয় জাতীয় সংসদে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন।
১৯৮৯ সালে কমিউনিস্ট পার্টির নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ১৯৯১ সালের ২১ জানুয়ারি আওয়ামী লীগে যোগ দেন।
