বটি দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী!

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:৫৮ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের পশ্চিমপাড়ায় স্বামীর পরকীয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়ে স্ত্রী। রাতের বেলায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার চেষ্টা চালান তিনি। অভিযুক্ত রুমা বেগম (২৮), দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে। আহত স্বামী বিল্লাল শেখ (৩৩) বয়রা গ্রামের সোনা মিয়া শেখের ছেলে।

শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এই ভয়াবহ ঘটনা ঘটে। আহত অবস্থায় বিল্লাল শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর রুমা বেগমকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে বিল্লাল শেখের সঙ্গে রুমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে এক বছর বয়সী একটি সন্তান রয়েছে। স্বামীর পরকীয়ার সন্দেহে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এই প্রেক্ষাপটে শনিবার গভীর রাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে বটি দিয়ে আঘাত করেন রুমা। বিল্লালের চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই বিল্লাল শেখ পরকীয়ায় জড়িয়ে স্ত্রী রুমার সঙ্গে দুর্ব্যবহার করতেন। এ কারণেই চরম ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটিয়েছেন রুমা বেগম।

চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৭ জুলাই) সকালে বিল্লাল শেখ বলেন, ‘রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত ১টার দিকে আমার স্ত্রী রুমা বটি দিয়ে আমার গোপনাঙ্গে কোপাতে থাকে। ঠেকাতে গিয়ে আমার হাতে কাটে। পরে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে। আমার ওইখানে ১২/১৪টা সেলাই লাগছে।’

পরকীয়ার বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন, ‘কোনো কারণ নেই, এমনি এমনি করেছে।’ তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের করবেন।

রুমা বেগম পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘রুমা বেগমকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত