মিশর সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৫:০৬ পিএম

ইসরায়েল গাজা উপত্যকার কিছু অংশে যুদ্ধবিরতি বা ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছে। এরপর রবিবার (২৭ জুলাই) সকাল থেকে মিশর সীমান্ত দিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে। ইসরায়েল জানিয়েছে, মানবিক সহায়তা পৌঁছানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এএফপির খবরে এ তথ্য জানা গেছে।

মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমেও সীমান্তে ত্রাণবাহী ট্রাক চলাচলের খবর নিশ্চিত করে ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে রাফাহ সীমান্ত দিয়ে ট্রাকগুলো সরাসরি গাজায় ঢুকতে পারছে না। গত বছর এই সীমান্তের ফিলিস্তিনি অংশ ইসরায়েল দখল করে নেয়। যুদ্ধে এ অঞ্চলেরও ব্যাপক ক্ষতি হয়। ফলে ট্রাকগুলোকে কয়েক কিলোমিটার ঘুরে ইসরায়েল-নিয়ন্ত্রিত কেরেমা শালম (কারাম আবু সালেম) সীমান্ত দিয়ে প্রবেশ করতে হচ্ছে। সেখানে ইসরায়েলি সেনারা তল্লাশি করার পর দক্ষিণ গাজায় প্রবেশের অনুমতি দিচ্ছে।

এএফপির ছবিতে দেখা গেছে, সাদা বস্তা বোঝাই ট্রাকগুলো রাফাহ গেটের মিশরীয় পাশ দিয়ে ঢুকছে। কিছু ট্রাকে মিশরের রেড ক্রিসেন্টের লোগো ছিল, কিছুতে সংযুক্ত আরব আমিরাতের পতাকা ও লেখা-‘সংযুক্ত আরব আমিরাত-গাজার জন্য মানবিক সহায়তা-গাজায় পানি সহায়তা প্রকল্প’।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই ‘কৌশলগত বিরতি’ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে। তবে এটি শুধু আল-মাওয়াসি, দেইর এল-বালাহ ও গাজা সিটির কিছু এলাকায় প্রযোজ্য। এসব অঞ্চলে ইসরায়েলি সেনারা এখন অভিযান বন্ধ রেখেছে। তারা আরও জানিয়েছে, জাতিসংঘ ও অন্যান্য ত্রাণ সংস্থার সুবিধার জন্য গাজায় কয়েকটি নিরাপদ পথ খোলা হয়েছে।

গাজায় তীব্র খাদ্য সংকট নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ায় ইসরায়েল এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য আকাশপথে খাদ্য সরবরাহের ঘোষণা দিয়েছিল।

তবে মানবিক সহায়তা কর্মীরা এখনও পুরোপুরি আশাবাদী নন। জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, আকাশপথে ত্রাণ পাঠানো ব্যয়বহুল ও কম কার্যকর।

ইসরায়েল দাবি করছে, তারা ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে না। কিন্তু সহায়তা সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েলি সেনারা ত্রাণ পাঠানোর পথ বন্ধ করছে এবং বিতরণ কেন্দ্রের কাছে ঝুঁকি তৈরি করছে।

গত শনিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, ইসরায়েলি হামলা ও গুলিতে ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অনেকে ত্রাণ কেন্দ্রের কাছে সাহায্যের অপেক্ষায় ছিল।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত