গুলশানে চাঁদাবাজি

বৈষম্যবিরোধী নেতাসহ চারজন ৭ দিনের রিমান্ডে

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৫:০৬ পিএম

রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ গ্রেপ্তার চারজনকে ৭ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আজ রবিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান।

রিমান্ডে যাওয়ারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ এবং সংগঠনের ঢাকা মহানগর শাখার বহিষ্কৃত আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব।

এদিন তাদের আদালত হাজির করা হয়। এরপর রিয়াদসহ চারজনের ১০ দিনের রিমান্ড ও আইনের সংঘাতে জড়িত শিশু মো. আমিনুল ইসলামকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান।

এ সময় রাষ্ট্রেপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী আক্তার হোসেন ভুইয়া রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের  রিমান্ডের আদেশ দেন।

এর আগে গুলশানে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। শনিবার (২৭ জুলাই) রাতে তাদের আটক করে পুলিশ। এর কিছুক্ষণ পরই ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে গুলশান থানায় তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয়ে শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। শাম্মী আহমেদ বিদেশে অবস্থান করায় তারা এই দাবি জানান তার স্বামীর কাছে। অভিযোগে বলা হয়, এর আগেও তারা বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত