কালো জাদুর সঙ্গে জড়িত রহস্যময় কিছু অদ্ভুত জিনিস পাওয়া গেছে নরসিংদীতে জুলাই আন্দোলনের প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়া তামিমের (১৫) কবরের পাশে। সদর উপজেলার চিনিশপুর পূর্বপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয় তাহমিদকে। তার স্মৃতি ধরে রাখতে কবর বাঁধানোর কাজ শুরু করে সরকার।
রবিবার (২৭ জুলাই) কবর বাধানোর জন্য শ্রমিকরা চিনিশপুর কবরস্থানে কাজ করতে যায়। সেখানে তাহমিদের কবরের চারপাশে ইটের গাঁথুনি করার জন্য মাটি খুড়ার সময় শ্রমিকরদের কোদালে কিছু একটা লাগে। পরে তারা সেটা বের করে দেখতে পায় পলিথিন জাতীয় কিছু একটা দিয়ে মোড়ানো অদ্ভুত কিছু বস্তু।
পরে কৌতহলী শ্রমিকরা সেটা খুলে দেখতে পায় এটার ভেতর একটি পুতুল, পিন (সুই সদৃশ্য) এবং একটি কাগজে কিছু লেখা ও ছবি আঁকা। কাগজে কিছু বাংলা এবং অন্য ভাষায় বিভিন্ন কিছু লেখা রয়েছে।
চিরকুটে বাংলায় লেখা, ‘তাসলিমার মেয়ে তানজিনার বিচ্ছেদ তাহার এর ছেলে উজ্জল এই দুজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হোক তানজিনা উজ্জলকে শত্রু মনে করুক, তানজিনা উজ্জল এর মধ্যে তালাক হয়ে যাক।’
পরে শ্রমিকরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখে মাটি খোড়া বন্ধ করে চলে যায়। তবে এমন পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাবাসী।
আলতাফ মাহমুদ নামে একজন প্রবীণ ব্যক্তি বলেন, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুচর্চা হয়ে আসছে আদিকাল থেকেই। কালো জাদুর কাজে ব্যবহৃত হয় বিভিন্ন বস্তু বা প্রাণী। যেমন: পাখি, মাছ, ছাগল, পুতুল, মূর্তি ইত্যাদি। যাকে লক্ষ্য করে কালো জাদু করা হয়, তার ব্যবহৃত পোশাকের অংশ, নখ, চুলসহ আনুষঙ্গিক বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করা হয়। বিভিন্ন তাবিজ-কবচ কাক, প্যাঁচা, ডাহুক-জাতীয় পাখি বা মাছের শরীরের ভেতর ভরে কার্যসিদ্ধ করা হয়। এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে, এই তাবিজ-কবচ পুড়িয়ে ফেলা বা লেখা-জাতীয় জিনিস পানিতে ভিজিয়ে মুছে ফেলা।
পাশাপাশি আমাদের সচেতন হতে হবে। নিজেদের চারপাশে তান্ত্রিক, কবিরাজ এবং সন্দেহজনক মানুষের ওপর নজর রাখতে হবে। কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে যেন সঙ্গে সঙ্গেই আইন শৃংখলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়া যায়।
এব্যাপারে শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, কবরের চার পাশে শ্রমিকরা যখন কাজ করতে থাকে, তখন কবরের পাশে মাটির নিচ থেকে কালো জাদুর এগুলো পাওয়া যায়। ইসলামের বিধান অনুযায়ী কালো জাদু করা ঠিক না। যারা করেছে তারা অমানবিক কাজ করেছে। কবরস্থানকে পুঁজি করে কুফুরি, জাদুটোনা ইত্যাদি করা খুবই জঘন্য খারাপ কাজ। এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।
