বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় বিএনপি'র বিক্ষোভ মিছিল

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১০:৩৬ পিএম

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

রবিবার রাতে নেত্রকোনা ও বাবরের নিজ এলাকা মদনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে আজ রবিবার দুপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিরূপ মন্তব্য করে বক্তব্য দেন এনসিপি'র কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ শুরু করে বিএনপি নেতাকর্মীরা। পরে সন্ধ্যায় মদনে বিক্ষোভ করে বিএনপি ও রাতে জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে শহরের ছোট বাজার এলাকার দলীয় কার্যালয়ে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে এনসিপি'র নেতা নাসির উদ্দীন পাটোয়ারি বলেন, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন? দক্ষিণ এশিয়ায় এই অস্ত্রকাহিনির কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। বিএনপিও ক্ষমতায় আসতে পারিনি বলে মন্তব্য করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত