থাইল্যান্ডে মার্কেটে ৫ জনকে হত্যা করে বন্দুকধারীর আত্মহত্যা

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০২:৪৮ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি মার্কেটে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। পরে হামলাকারী আত্মহত্যা করে।

সোমবার (২৮ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। থাই পুলিশ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর ডেপুটি কমিশনার চারিন গোপাট্ট রয়টার্সকে বলেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে, যিনি গুলি চালানোর পর নিজেই আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, নিহতরা সবাই বাজারের নিরাপত্তারক্ষী ছিল।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হামলাকারীর পরিচয় ও ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় কোনো পর্যটক বা সাধারণ ক্রেতা আহত হননি। বাজারটিতে মূলত কৃষিপণ্য বিক্রি হতো।

পুলিশের শেয়ার করা একটি ভিডিও ফুটেজে সাদা টুপি পরা ও বুকে ব্যাকপ্যাক ঝুলানো এক ব্যক্তিকে বাজারের পার্কিং লটে হাঁটতে দেখা যায়। তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

থাই পুলিশ এখনও হামলাকারীর মোটিভ (উদ্দেশ্য) খুঁজছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ব্যক্তিগত দ্বন্দ্ব বা মানসিক সমস্যার কারণে ঘটে থাকতে পারে।

থাইল্যান্ডে বন্দুক সহিংসতা নতুন নয়। গত অক্টোবরে ব্যাংককের একটি শপিং মলে ১৪ বছর বয়সী এক কিশোর গুলি চালিয়ে দুইজনকে হত্যা ও পাঁচজনকে আহত করে। এর এক বছর আগে, পূর্ব থাইল্যান্ডের একটি ডে-কেয়ার সেন্টারে এক সাবেক পুলিশ কর্মকর্তা ৩৬ জনকে হত্যা করেন, যার মধ্যে ২২ জনই ছিল শিশু।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত