ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা কাল

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১০:৩৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন নিয়ে ব্যাপক জলঘোলার পর অবশেষে তফসিল ঘোষণার তারিখ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল মঙ্গলবার ডাকসু ও ১৮টি হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসীম উদ্দীন।

এদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দোতলার কনফারেন্স রুমে তফসিল ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার জন্য আমাদের সব প্রস্তুতি শেষ। আগামীকাল (মঙ্গলবার) তফসিল ঘোষণার জন্য আমরা প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই সংশ্লিষ্ট অংশীজনদের কাছে চিঠি পাঠাব।’ 

এর আগে ২০ জুলাই বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্রসংগঠন ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে ২৯ জুলাই তফসিল ঘোষণার কথা জানিয়েছিলেন জসীম উদ্দীন। এ সময় তিনি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছিলেন। 

এবারের নির্বাচনে গতানুগতিক হলকেন্দ্রিক ভোটকেন্দ্রের পরিবর্তে নন-অ্যাকাডেমিক ছয়টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। হলভিত্তিক নির্ধারিত ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দেবেন। অন্যদিকে সদ্য মাস্টার্স শেষ করা ২০১৮-১৯ সেশনের অছাত্র-শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হতে পারবেন না। তবে কেউ এমফিল কোর্সে ভর্তি হলে তিনি ভোটার বা প্রার্থী হতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত