চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কৃতিসন্তান, উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও বুদ্ধিজীবী আহমদ ছফার ২৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৮ জুলাই) বিকেলে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের আয়োজনে গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্মারক আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি শাহজাহান আজাদ এবং সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. নুরুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক মাজহার হেলাল, সংগঠক মো. টিপু সুলতান, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা মো. নুরুল ইসলাম এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিতা বড়ুয়া, আবদুল আজিজ, রনজিৎ কুমার দে, বিজন চক্রবর্তী, শিক্ষক মো. তারেক, মাওলানা মো. জুনায়েদ, সংগঠক লোকমান হাকিমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা।
এ উপলক্ষে দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদীয়া এ.এস. (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, আহমদ ছফা ছিলেন সাহসী, স্পষ্টভাষী এবং বহুমুখী প্রতিভার অধিকারী। তার সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের গণ্ডি পেরিয়ে বিশ্ব সাহিত্যে স্থান করে নিয়েছে। তিনি স্বমহিমায় উজ্জ্বল হয়ে থাকবেন। আহমদ ছফা লেখা সাহিত্যকর্ম বিশ্ব সাহিত্যের অনন্য সম্পদ। তার লেখা তরুণ প্রজন্মকে মেধাশীল, চিন্তাশীল ও মানবিক করে গড়ে তুলবে।
এ সাহিত্যিকের স্মৃতি সংরক্ষণ এবং সাহিত্যকর্মকে যথাযথ মূল্যায়নের লক্ষ্যে চন্দনাইশ কিংবা চট্টগ্রামে তার নামে একটি একাডেমি প্রতিষ্ঠার জোর দাবি জানান বক্তারা।
