৫ আগস্টের আগেই ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত হতে পারে: মাহফুজ আলম

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১০:৩৮ এএম

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, ৫ আগস্টের মধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা পেলে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ পাবে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র’ মূলত ৩১ ডিসেম্বর ঘোষণা করার পরিকল্পনা ছিল। তবে রাজনৈতিক দলগুলোর সম্মতির অভাবে সে প্রক্রিয়া বিলম্বিত হয়। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বিভিন্ন দল খসড়া তৈরি করলেও ঘোষণাপত্রের প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনায় ঐকমত্যে পৌঁছানো যায়নি। রাজনৈতিক মতাদর্শগত অবস্থানকে কেন্দ্র করে মার্চ-এপ্রিলে আলোচনা স্থবির হয়ে পড়ে—এর মধ্যে রমজানও ছিল।

তথ্য উপদেষ্টা জানান, মে মাসে তিনি আবারও মন্ত্রিসভায় এ বিষয়টি উত্থাপন করেন, তবে তখন রাজনৈতিক দলগুলোর আগ্রহ ছিল সীমিত। পরবর্তীতে জুনে বিষয়টি পুনরায় উত্থাপন করা হলে সিদ্ধান্ত হয়, সরকারের জ্যেষ্ঠ উপদেষ্টারা দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করে একটি সর্বসম্মত ঘোষণাপত্র প্রস্তুত করবেন।

তিনি বলেন, জুলাইয়ের শুরু থেকে একাধিক দফায় বৈঠক হয়েছে। কিছু ঐতিহাসিক ও আদর্শিক বক্তব্যে এখনো মতৈক্য হয়নি। তবে ছাত্রদের বেশ কিছু দাবির বিষয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। এখন প্রত্যাশা, সব পক্ষ ছাড় দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানকে রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পথ তৈরি করবে।

৫ আগস্টের মধ্যে ঐকমত্য গঠিত হলে ঘোষণাপত্র প্রকাশ সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করে মাহফুজ আলম বলেন, ‘আশা করি, ৫ আগস্টের আগেই ঐকমত্য নিশ্চিত হবে এবং আমাদের প্রজন্ম ও জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি আলোর মুখ দেখবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। জুলাই ঘোষণাপত্র বাস্তব হবেই।’

জুলাইয়ের শহিদ ও আহতদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে স্বীকৃতি দিতে আমরা আগেই উদারতা দেখিয়েছি। তা সত্ত্বেও জুলাইয়ের ছাত্র-জনতার ন্যায্য স্বীকৃতি দেওয়ার চেষ্টা অনেক সময় উপেক্ষিত হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ‘জুলাই ছাত্র-জনতার ন্যায্য স্বীকৃতি জুলাই ঘোষণাপত্রে যথাযথভাবে নিশ্চিত করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত