উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে আগামী শনিবার (২ আগস্ট) পর্যন্ত সব শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সোমবার স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি।
মঙ্গলবার (২৯ জুলাই) স্কুল প্রশাসন এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, দুর্ঘটনার কারণ, দায়িত্ব ও ক্ষয়ক্ষতি তদন্তে ৯ সদস্যের একটি কমিশন গঠন করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। সাবেক সচিব একেএম জাফর উল্লা খানের নেতৃত্বে গঠিত এই কমিশন চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
অন্যদিকে, বাংলাদেশ এভিয়েশন ইউনিভার্সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিমানবাহিনী জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে চীনের একটি বিশেষজ্ঞ দল শিগগিরই তদন্তে যোগ দেবে।
এছাড়া, রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় যুদ্ধবিমান ঘাঁটি রাখা অপরিহার্য বলে উল্লেখ করে বিমানবাহিনী জানায়, ঘাঁটি সরানোর কোনো পরিকল্পনা নেই।
