অমীমাংসিত ৩ ইস্যুতে চলছে ঐকমত্য কমিশনের ২১তম বৈঠক

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১২:৫৪ পিএম

রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও অন্যান্য সংস্কার বিষয়ে অমীমাংসিত তিনটি মৌলিক ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। 

আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের ২১তম দিনের এ বৈঠক শুরু হয়। 

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ আমন্ত্রিত ২৮টি রাজনৈতিক দল ও দুটি জোটের প্রতিনিধিরা অংশ নিচ্ছে।

আলোচ্যসূচিতে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সমন্বিত প্রস্তাব, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ এবং ন্যায়পাল নিয়োগের বিধান। এ ছাড়া রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের প্রস্তাবনা নিয়েও তাৎক্ষণিক আলোচনা হতে পারে।

গতকাল সোমবার (২৮ জুলাই) কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ৪ পৃষ্ঠার ‘জুলাই জাতীয় খসড়া সনদ-২০২৫’ পাঠিয়েছে। প্রথম দফার আলোচনার পর গুরুত্বপূর্ণ ২০টি বিষয় নিয়ে গঠিত এই খসড়ায় সাতটি অঙ্গীকারনামা অন্তর্ভুক্ত হয়েছে।

ড. আলী রীয়াজ জানান, দলগুলোর মতামতের ভিত্তিতে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সনদ চূড়ান্ত করার চেষ্টা করা হবে।

এ পর্যন্ত ১২টি ইস্যুতে ঐকমত্য হলেও এখনো ছয়টি মৌলিক বিষয় অমীমাংসিত রয়েছে। কমিশনের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে বারবার আলোচনায় আনা হচ্ছে।

এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত আছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত