চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন।
আবহাওয়া অফিস সতর্কতা জারি করে জানিয়েছে, বেইজিংয়ের পার্শ্ববর্তী হেবেই ও তিয়ানজিন শহরে দ্বিতীয় সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাত ও ঝড়ের আশঙ্কা রয়েছে।
বার্তাসংস্থা শিনহুয়ার তথ্য অনুযায়ী, উত্তর, পূর্ব ও দক্ষিণ চীনের ১০টি প্রদেশেও একই ধরনের সতর্কতা দেওয়া হয়েছে। আগামী বুধবার পর্যন্ত এই বৈরি আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বেইজিং পৌরসভার বন্যা নিয়ন্ত্রণ দপ্তর জানায়, গত কয়েকদিনের ভারী বর্ষণে ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া, উত্তর চীনের হেবেই, জিলিন ও শানডং প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেইজিং ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী ও আশেপাশের এলাকা থেকে ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার রাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্থানীয় কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
এদিকে বন্যা মোকাবিলায় বেইজিংকে সহায়তা করতে জরুরি ভিত্তিতে ২০ কোটি ইউয়ান (প্রায় ২ কোটি ৭৯ লাখ ডলার) বরাদ্দ দেওয়া হচ্ছে বলে আজ মঙ্গলবার জানিয়েছে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন।
এ ছাড়া আজই চীনের অর্থ মন্ত্রণালয় বেইজিংসহ অন্য প্রদেশে দুর্যোগ মোকাবিলায় আরও ৩৫ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে।
