আগামী ১০ আগস্ট (রোববার) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন।
ইসি সূত্রে জানা গেছে, ভোটার তালিকা আইন সংশোধনের কাজ দেরিতে শেষ হওয়ায় প্রথমে শুধু সম্পূরক তালিকা প্রকাশের পরিকল্পনা ছিল। তবে এখন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ আগেই জানিয়েছিলেন, খসড়া তালিকায় নতুন ৪৪ লাখ ৬৬ হাজার ভোটার নাম যুক্ত হয়েছে। দ্রুতই তা প্রকাশ করা হবে।
বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে প্রস্তুতি নিচ্ছে ইসি। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনী কাজেও গতি আনা হয়েছে।
