ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৫:৪৪ পিএম

ফরিদপুরে ১১ বছর বয়সী এক শিশুকে  ধর্ষণের দায়ে শফিউর রহমান উজ্জ্বল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায় তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়।  

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর  ১ টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ প্রদান করেন। 

সাজাপ্রাপ্ত শফিউর রহমান উজ্জ্বল আসামি জেলা পৌরসভার গৃহলক্ষ্মীপুর  এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ অক্টোবর  ওই শিশুকে বাড়িতে পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এবং এ ঘটনা  কাউকে না বলতে হুমকি প্রদান করা হয়। রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ঘটনার পরেরদিন শিশুটির মা কোতয়ালী থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

এ মামলার সরকারী কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, “শিশুর উপর  যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে যা সমাজের জন্য হুমকিস্বরুপ, যার সর্বোচ্চ শাস্তিই আমরা কামনা করেছিলাম। যাতে একজন শিশু বা তরুণী তার পরিবার বা প্রতিবেশীর কাছে নিরাপদে থাকে, সমাজে এমন ঘটনা যেন না ঘটে। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত