জুলাই সনদে স্বাক্ষর করবে কি না নিশ্চিত নয় এনসিপি

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৬:৫৪ পিএম

জুলাই সনদের খসড়া প্রস্তাবিত বিষয়গুলোর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ‘তীব্র দ্বিমত’ পোষণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনের আগে মৌলিক সংস্কার না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২১তম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন।

তিনি বলেছেন, ‘আমাদের দলের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে— মৌলিক সংস্কারের যে বিষয়গুলো না হলে ফ্যাসিবাদের কাঠামো দূর হবে না, সেগুলো বাস্তবায়ন না হলে জুলাই সনদে সাইন করব কি না সেটি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জাভেদ রাসিন বলেন, জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে— ঐকমত্য কমিশনের একমত হওয়া বিষয়গুলো পরবর্তী সংসদ আগামী দুই বছরের মধ্যে তা বাস্তবায়ন করবে।

জুলাই সনদের খসড়ায় এমন প্রস্তাব নিয়ে এনসিপি ‘তীব্র দ্বিমত’ পোষণ করছে বলে জানান তিনি। দলটির এ নেতা বলেন, ‘বাস্তবায়নের এ প্রক্রিয়ার সঙ্গে আমরা তীব্র দ্বিমত পোষণ করছি। আমরা দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়েছি— যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি, সেগুলো আগামী নির্বাচনের আগেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের (আইনি কাঠামো) আইনি ভিত্তি দিতে হবে। সেই কাঠামোর ভিত্তিতেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। 

এনসিপি মৌখিকভাবে এই অবস্থান জানিয়েছে এবং প্রয়োজনে লিখিতভাবে জানানো হবে বলেও জানান তিনি।

জাভেদ রাসিন আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল সিদ্ধান্ত গ্রহণের ছয়টি পদ্ধতির কথা তারা জানিয়েছিল। সেই পদ্ধতি নিয়ে আলোচনা না করেই জুলাই সনদের খসড়াটি প্রকাশ করেছে। আমাদের মনে হয়েছে— এটি তারা সঠিক কাজ করেনি।’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রশ্নে আলোচনায় ‘র‍্যাংক চয়েস’ পদ্ধতি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল। এই পদ্ধতি অনুযায়ী আজ বিচার বিভাগ থেকে আরও দুই সদস্য যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে, যারা ভোট দেবেন। আমরা এই প্রস্তাবে একমত হয়েছি। আমাদের সঙ্গে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে, কেবলমাত্র বিএনপি ও কিছু সহযোগী দল ছাড়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত