শুল্ক কমানোর সবুজ সংকেত পেলো বাংলাদেশ

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০২:০০ পিএম

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় দফার আলোচনা শুরু হয়েছে। প্রথম দিনের বৈঠকেই বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানোর ইতিবাচক সংকেত মিলেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে বৈঠকটি বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে। আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক হ্রাসের বিষয়ে সাড়া মেলায় বাংলাদেশ প্রতিনিধি দল আশাবাদী। বাণিজ্য সচিব বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতরের কর্মকর্তাদের কাছ থেকে আমরা শুল্ক কমানোর ইঙ্গিত পেয়েছি। তবে কতটা কমানো হবে, তা এখনই বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, শুল্ক উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করছি। আগামীকালের বৈঠক শেষে বাংলাদেশের জন্য ভালো কিছু আসতে পারে।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। দলে আরও ছিলেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। ঢাকা থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তারা ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন।

যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তাঁকে সহযোগিতা করেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনা সমন্বয়ে ভূমিকা রাখে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত